দিন যায়
'সময় দাও সব ঠিক হয়ে যাবে।'
সময় দিই তবু কিছুই ঠিক হয় না।
টিকটিক ঘড়ির শব্দ, ঠিকঠিক টিকটিকির।
টিকটিকি রঙ বদলায়। মানিয়ে নিতে থাকে।
'মানিয়ে নাও সব ঠিক হয়ে যাবে'।
অথচ
ঠিক কী হবে কেউ বলতে পারে না কোনওদিন।
দাঁড়িপাল্লা
পাতিহাঁস ঠোঁট ঘসে পাঁকে ও কাদায়।
পাতিহাঁস গুগলি খুঁজে খায়।
বালিহাঁস এসব জানে না,শুধু ওড়ে।
রোদের গভীরে তার ডানা জ্বলে... পোড়ে।
দিনশেষে দুজনেই হাঁস।
পাঁক থেকে আলো থেকে খুঁটে তোলে শ্বাস।
অতঃপর টাল খায় আমারই... বিশ্বাস।
ছবিঃ অনুষ্টুপ লাই

No comments:
Post a Comment