প্রতিধ্বনি
১
জানিতে ইচ্ছা হয় এখন তোমার কেশপাশ কে বাঁধিয়া দেয়
কে কথা কয় তোমার সহিত একাকী অবসরে
আর কতদিন দাঁড়াইয়া রহিব
বন্ধ দরজাটির পাশে , অপেক্ষমান
কেহ আসিয়া দরজায় কড়া নাড়িল না
তোমার অপেক্ষায় রহিয়াছি
এ সংবাদ তোমার নিকট কে পৌঁছাইবে
২
নৈঃশব্দ্যের ভিতর কত যে হাহাকার রহিয়া গেল
বুঝিয়াছি , আমার বলার যাহা কিছু ছিল
অজান্তেই শেষ হইয়া গিয়াছে একদিন
সেই দিন হারাইয়া যাওয়া জলধারাটির মতন
আমিও নিশ্চুপ হইয়া গিয়াছি চিরতরে
যাহা শুনিতে পাও তাহা এক বিস্মৃত দিনের প্রতিধ্বনি
৩
যতবার জলের নিকটে যাই
দেখি দল ঘাসের আড়ালে তোমার প্রতিবিম্ব
জলের স্থিরতা অটুট রাখিয়া নিমেষে সরিয়া যায়
এই ভ্রম বিস্মৃতির কোন তল হইতে উঠিয়া আসে
হায়, কেন আজও আমার সেই পুরাতন বাঁশিটি
সঙ্গে নাই, সেটি যে কবে কোথায় হারাইয়াছি
No comments:
Post a Comment