আলো
রক্ত দেখেছি বনের পথে
ছাল খসা গাছ
অতীতের মুণ্ডু
ঝুলে আছে ডাল থেকে...
আলো দেখেছি, গাঢ় অন্ধকারে
এ আলো
সেই আলো নয়
এ টানে, কাছে
তারপর অদৃশ্য হয়ে যায়
শিকার সমেত।
শুশ্রূষা
যখন ইচ্ছে ফিরিয়ে নিতে পারো তুমি
এ তোমার জলযান, নির্মিত সোপান
যারা বিকেলে স্নান করে, সন্ধ্যেবেলা নেশা
রাতে তাড়াতাড়ি খেয়ে শোয়
আর যারা কোত্থাও যেতে পারেনা
তারাই তো বাড়ি ফিরে আসে
হাতমুখ ধুয়ে চা বসায়
আগামীকালের ফাঁদে পড়ে....
কয়েকটি নক্ষত্রের গুঁড়ো
ওদের নিদ্রাকালীন
ক্ষতচিহ্নের শুশ্রূষা করে |
ফোন
যে মেয়েটি আজ হাতিবাগানের ফুটপাথে দাঁড়িয়ে
আলুকাবলি খাচ্ছে
তাকে খুঁজে পাবে না দু'বছর পরে ।
পড়ে থাকবে এই পচতে থাকা রাস্তাঘাট,
বেড়ে চলা ট্যাক্স্
আর উবের-ওলার সার্জ্ ।
তিন বছর পরে মিউনিখ থেকে ফোন
আসতে পারে
"হ্যালো, ইরা বলছি, তারপর...?"
ফোন
নাও আসতে পারে।
No comments:
Post a Comment