কবিতা: হিন্দোল ভট্টাচার্য

 

ভুবনডাঙা

 

হয়েছে ইস্কুল ছুটি। শুনি, খেলা শুরু হয়।

খেলাই আসল। তার রোদ পড়ে মাঠে 

ধুলো ওড়ে। বৃষ্টিও। খেলা ভিজে যায়।

রাতের আকাশ থেকে তারা খসে পড়েও হয়ত।

ভিতরে পোকার ঘর। বাইরে শালিখ।

হয়েছে ইস্কুল ছুটি, তুমি কেন ঘরে ফিরতে চাও?

মাঠে ছোটবেলা আছে। ব্যাটে বলে পায়ে।

নামাও কাঁধের ব্যাগ। সূর্য নমস্কার করো।

এই সূর্য প্রতিদ্বন্দ্বীহীন।

এই সূর্য আলো।

 

 

জীবন

 রাস্তার দুপাশে ঘর। দুঃখ জড়ো করা।

ওপাশে বাজার। সারিগান।

দুয়েকটি পুরনো বাস এখনও রয়েছে ওই বাজারের

গুমটির ভিতর। ওখানে হাঁড়িয়া পাওয়া যায়।

তুমি ঘর হারিয়ে ফেলেছ।

শুকনো হাওয়ার মাঠে ন্যাড়াপোড়া জ্বলে ওঠে...

কপালে ঘামের ফোঁটা। দেবতারা ঘুমোতে গিয়েছে।

জমির উপর দিয়ে রাত্রি যায় ধ্বক ধ্বক ক’রে ।

তার চেয়ে চলে এস। আজও কিছুক্ষণ

আগুন পোহাই। কথা বলি।

No comments:

Post a Comment

  একটি   লড়াকু   পত্রিকা সম্পাদকমণ্ডলীঃ   অভিজিৎ   ঘোষ ,  অনির্বাণ সরকার ,  এয়োনিয়ান   অনির্বাণ ,  সুমিত পতি ,  মনোহর   হোসেন   মণ্ডল, কণাদ ...