প্রেমিকা
আমার দুটি প্রেমিকা আছে
একটি মিথ্যে, একটি সত্যি
মাঝে মাঝেই তারা ঠিকানা বদল করে
আমি ভুল বাড়িতে গিয়ে ফিরে আসি।
এই দুই প্রেমিকারও প্রেমিক আছে
আমি তাদের ভয় খাই।
তারা রাত্রে আমার ঘরের সামনে এসে
গুলি ছোঁড়া প্র্যাকটিস করে।
না, না, ভাড়াটে আততায়ীর পকেট
পিস্তল নয়
সাবেকি জমিদারদের লম্বা নল ও লাবন্দুক
পাখি মারার জন্যে নৃশংস
একবার ট্রিগার টানার পরেই নিষ্ঠুর উল্লাস, পিকনিক --
একটাই গুলি, আমার জন্যে একটাই
যথেষ্ট।
আমার প্রেমিকারা জানে বন্দুকের ব্যাপারটা
অভয় দিয়ে বলে, এবার পুজোয় বুলেটপ্রুফ
জামা কিনে দেব।
আমিঅষ্টমীতেসত্যিপ্রেমিকারমিথ্যেজামাপরি,
আর নবমীতে মিথ্যে প্রেমিকার সত্যি জামা।
ওইসব প্রেমিকদেরও মিথ্যে প্রেমিকা আছে
তারা আমাকে সমবেদনা জানায়,
এবারের শীতটা সাবধানে থাকবেন।
তাদের সত্যি প্রেমিকেরা একজনকে খুঁজছে।
ক্রমশ আমার ঘরের সামনে
বন্দুকবাজের সংখ্যা বাড়তে থাকে,
জড়ো হচ্ছে তাদের প্রেমিকারাও।
আমি তাদের রিহার্সালে গিয়ে দাঁড়াই
মাঝে মধ্যে হাততালি দিই, বেশ লাগে।
ওরা চলে গেলে, বুকের বাঁদিকটায়
হাত বুলোতে বুলোতে
হেমন্তের মাঠ থেকে
সত্যি বুলেটগুলো কুড়িয়ে নিই।
আমারতো একটা নয়, অনেক গুলি দরকার।
ঝাঁপ দাও
ঝাঁপ দাও
আকাশ নেমে আসবে তোমার পায়ের কাছেই –
শহীদ মিনার থেকে ঝাঁপ দাও।
গঙ্গার জল ছুঁয়ে আকাশের টানে যখন ফিরে আসবে
তখনই কারুসের মতো কাটা ঘুড়ির পাশে তুমিও
একটা বাজ পাখি হাততালি দিতে দিতে বলবে,
দেখলেনত কাকাবাবু গ্র্যাভিটি বলে কিছু নেই।
ঝাঁপদাও, শুধু দেওয়ার অপেক্ষা
বুকের ভেতর থেকে বহু বছরের জমা ভয়
অগ্রপশ্চাৎ বিবেচনার উদ্বেগ এবং বদ হজম
বের করে দিতে পারলে তুমি শঙ্খচিল।
চাইলে তখন তুমি রাইটার্স থেকে নবান্ন
পুষ্পবৃষ্টি করতে পারো;
এমনকি যে সব বহুতল বাড়ি
ওয়াচ টাওয়ার ছাড়িয়ে বড় হতে হতে
আইনের উর্দ্ধে উঠে গেছে,
সেখানে বারান্দায় বসে
মৃণাল সেন বা উইমওয়েন্ডারস নিয়ে
আলোচনা করতে পারো,
অথবা একটু পলিটিক্স:
ম্যাডাম, আপনি অনেকদিন নীচে নামেননি,
একতলাগুলো কুমিরদের দখলে চলে গেছে।
আর কাছেই রামরাজ্য রিসর্ট হয়েছে
দেখে আসুন, নতুন উড়ুক্কুদের জন্য চমৎকার ব্যবস্থা !
অবশ্য আর একটু উড়ে যেতে পারলেই
সরযূ নদীর ধারে মামুলি
তপোবন।
সেখানে সবার অজান্তে বড় হচ্ছে পিতৃ পরিত্যক্ত দুই দেবশিশু।
তাদের মা একদিন আকাশ পথে গিয়েছিল
তখন থেকেই তার দুর্ভাগ্যের শুরু;
সেকথা শিশুরা জানে
তাই মাঝে মাঝে ঘুমের মধ্যে তারা কেঁপে ওঠে।
মা তখন গায়ে হাত বুলিয়ে দেয় –
ভয় নেই বাবুসোনা,
ঝাঁপ দাও, আকাশ তোমাকে ঠিক লুফে নেবে।
পুরনো কাগজ
পুরনো খবরের কাগজ বই খাতা
সব ঝেঁটিয়ে বিদেয় করে ঘরটা বেশ খালি খালি
করলে,
ওখানে রোদ্দুর ঢুকে
ইচ্ছামত খেলা করবে এবার।
কিন্তু একটা জীবনতো চলে গেল
ওসবের মধ্যে আমার ভবিষ্যৎ বার্দ্ধক্য লুকিয়ে রেখেছিলাম –
অর্থহীন স্মৃতিচারণ, অপ্রকাশিত কবিতার
খাতা
অনাহারের দিনগুলিতে বাজার না করা ফর্দ
আর বাড়ি থেকে পালিয়ে যাবার সময়
মাকে লেখা বাবার
একটা নিষ্ঠুর চিঠি।
ছবিঃ অনুষ্টুপ লাই

ঝাঁপ দাও বেশ ভালো লাগল। আর পুরনো কাগজ !সত্যিই মনে থাকবে।কবিতাগুলির সঙ্গে বারবার নিজেকে মিলিয়ে দেখছি।মনে হচ্ছে এইতো আমি!
ReplyDelete