সিগনাল
স্টেশন ছোঁবার আগে সিগনালে আটকে পড়া ট্রেন
মৃদুভাষী ধীরে চলো মেঘ
দিনগুলি রাতগুলি ,ওহে বাছা, আরামে চিবাও
দুপুর গড়িয়ে যায়
জিরেফোড়নের মৃদু ঘ্রাণে।
হৈ চৈ জন্মগুলো ফিরে গেছে বাড়ি ট্রেনে ট্রেনে
শুনশান মনকেমন সাঁতার দিচ্ছে মনে মনে।
সিঁড়ি
সিঁড়ি আর পালাবে কোথায়
শুধু দেখাটা সরিয়ে নিলে অল্প
সমতল লাগে সবকিছু।
চোখে চোখে কথা হয়ে যেতো
কথা থেকে উঠে যেতো সিঁড়ি
সিঁড়ির তলায় মৃত বই
উঠে যাওয়া মনে রাখে কই?
গানে গানে মুছে গেলে সিঁড়ি
মন হয়ে ওঠে
সিঁড়িময়।
জাগরণ
দেহের ভিতর জেগে ওঠা
দেহের সঙ্গে জেগে ওঠা
বর্ণ থেকে শ্বাসের ভিতর
ডুবতে পারার যে স্তব্ধতা!
রুদ্ধ ঘরে গানের মতো
এই পিপাসা চন্দ্রশীতল
পথ যাবে না ভিতরদিকে
মন এখনো রক্তপিছল!
দেহের ভিতর জেগে ওঠা
দেহের সঙ্গে জেগে ওঠা
নৌকো যখন তীর ছেড়ে যায়
No comments:
Post a Comment