কবিতাঃ সূর্য মণ্ডল

 



আনন্দ

আজ বুদ্ধপূর্ণিমার রাত, চাঁদের সুতো ধরে

আনন্দ এল, বসল জলচৌকিতে

গাছেদের থেকে হাওয়া এল টপকে পেরিয়ে

অন্ধকার টপকে এল যুগলের

রতিক্রিয়া শেষে দরজা খোলার শব্দ

আনন্দ ব্রহ্মাণ্ডের একটি পট তুলে ধরে

বোঝাছিল রোহিণী নক্ষত্রের অবস্থান

বোঝাছিল পৃথিবী সৃষ্টির রহস্য 

 

আমার শরীরে হাওয়া লাগছিল আনন্দের

শরীর ডুবে যাচ্ছিল জ্যোৎস্নার জোয়ারে

শরীর থেকে মুছে যাচ্ছিল পরমাণুর গন্ধ 

 তখন আনন্দকে কেন যেন আমার এলিয়েন বলে মনে হচ্ছিল


বাঁশি

 আমাদের পাড়ায় কেউ কোনওদিন শোনেনি শ্যামের বাঁশি

শুনেছে মহিউদ্দিনের হুইসেল

 

আমাদের পাড়ায় কেউ কোনওদিন শোনেনি রাধার নূপুরের ধ্বনি

শুনেছে মালতিদির পায়ের উচ্ছ্বাস

 

আমাদের পাড়ার কৃষ্ণ মহিউদ্দিন

আমাদের পাড়ার রাধা মালতিদি


ছবিঃ প্রমিতা দত্ত

No comments:

Post a Comment

  একটি   লড়াকু   পত্রিকা সম্পাদকমণ্ডলীঃ   অভিজিৎ   ঘোষ ,  অনির্বাণ সরকার ,  এয়োনিয়ান   অনির্বাণ ,  সুমিত পতি ,  মনোহর   হোসেন   মণ্ডল, কণাদ ...